২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার পর দ্রুত পদক্ষেপে ভারতের সন্তোষ

নির্বাচন পর হিন্দুদের ওপর হামলার পর সরকার দ্রুত পদক্ষেপ নেয়ায় সন্তোষ জানিয়েছে ভারত। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো ভালো হওয়ার আশাও নয়া দিল্লির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 07:50 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

ঢাকায় ভারতের হাই কমিশনার পঙ্কজ শরন বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ নিয়ে তার সরকারের অবস্থান তুলে ধরেন।

পঙ্কজের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ভারতের রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের যে সম্পর্ক তা অব্যাহত থাকবে, এতে সন্দেহ নেই। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরো ভালো হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।”

গত ৫ জানুয়ারির নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার পর আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াতে সরকার যেসব উদ্যোগ নিয়েছে তাতে ভারত সরকার সন্তুষ্ট বলে হাই কমিশনার মন্ত্রীকে জানিয়েছেন।

আনিসুল হক বলেন, “সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার পর সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে ভারত। দেশটির রাষ্ট্রদূত এ নিয়ে উদ্বেগ জানাননি।”

সাতক্ষীরায় যৌথ অভিযানে ভারতীয় বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে দুদেশের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে না বলেও পঙ্কজ শরন জানিয়েছেন।

আইনমন্ত্রী বলেন, “সাতক্ষীরায় অভিযানে ভারতীয় বাহিনীর উপস্থিতি নিয়ে খালেদা জিয়ার বক্তব্য যে ভিত্তিহীন তা দুই দেশই জানে।”

২০০১ সালে নির্বাচনের পরে হিন্দুদের ওপর হামলার ঘটনায় সাহাবুদ্দিন কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “ওই প্রতিবেদনের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।”

তবে কবে নাগাদ তা প্রকাশ হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।