১০ ট্রাক অস্ত্র মামলা: ৬ আসামির লিখিত যুক্তি
রায় ঘোষণার সাতদিন আগে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় আদালতের নির্দেশনা মেনে ছয় আসামির পক্ষে লিখিত যুক্তি জমা দিয়েছে তাদের আইনজীবীরা।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমানের আাদলতে এসব যুক্তি জমা দেয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন আহাম্মদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতে দেয়া লিখিত যুক্তিতে ওইসব আসামির পক্ষে নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।
লিখিত যুক্তি জমা দেয়া ছয় আসামি হলেন- সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসীন উদ্দিন তালুকদার ও সাবেক জিএম (প্রশাসন) কে এম এনামুল হক, এনএসআইর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, পলাতক সাবেক অতিরিক্ত শিল্প সচিব নুরুল আমিন, এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন ও চোরাকারবারি হাফিজুর রহমান।
গত ১৩ জানুয়ারি আলোচিত দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা দুটি মামলার সর্বশেষ শুনানি অনুষ্ঠিত হয়।
ওই দিন বিচারক এস এম মজিবুর রহমান মামলার রায় ঘোষণার জন্য ৩০ জানুয়ারি দিন ঠিক করেন।
ওইদিনই বিচারক আসামিপক্ষের আর কোনো যুক্তি থাকলে তা আগামী ২৩ জানুয়ারির মধ্যে লিখিতভাবে জমা দিতে বলেন।
কর্ণফুলী নদী তীরবর্তী রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটিঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে অস্ত্র খালাসকালে পুলিশ দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটক করে।
অত্যাধুনিক অস্ত্রের এ বিশাল চালানটি নিয়ে তখন দেশব্যাপী তোলপাড় শুরু হয়। অস্ত্র উদ্ধারের পর সেদিন রাতে কর্ণফুলী থানার ওসি আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে দুটি পৃথক মামলা করেন।
অধিকতর তদন্ত শেষে ২০১১সালের ২৬ জুন মামলা দুটিতে সম্পূরক অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা (আইও) মনিরুজ্জামান।
এতে অস্ত্র আইনের মামলায় ৫০ জন এবং চোরাচালান মামলায় ৫২ জনকে আসামি করা হয়। দুই মামলাতেই সাক্ষী করা হয় ২৬৫ জনকে। এর মধ্যে ২০ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০১১ সালের ১৫ নভেম্বর মামলা দুটিতে আদালত অভিযোগ গঠনের পর ২৯ নভেম্বর থেকে আবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এরপর ২৩ অক্টোবর থেকে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুসারে আসামিদের পরীক্ষা করা শুরু করে রাষ্ট্রপক্ষ। গ্রেপ্তার ও জামিনে থাকা মোট ৩৮ আসামিকে পরীক্ষা করা হয়। ২০১৩ সালের ২৫ নভেম্বর রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।
