গৃহবধূ হত্যায় ননদসহ দুইজনের মৃত্যুদণ্ড
মুন্সীগঞ্জে গৃহবধূ আমেনা আক্তারকে পুড়িয়ে হত্যার মামলায় তার ননদসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহজাহান কবীর এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আমেনা আক্তারের ননদ লুৎফা বেগম ও তার স্বামী মো. নাজিমউদ্দিন। দুজনই পলাতক।
অভিযোগ প্রমাণিত না হওয়া তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
বাদীপক্ষের আইনজীবী সুলতানা আক্তার বিউটি জানান, ২০০৬ সালের ১৪ জানুয়ারি সিরাজদিখান উপজেলার ফুলহার গ্রামে বাড়ির দরজা আটকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় আমেনাকে।
ঘটনার পরদিন স্বামীসহ পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন আমেনার বাবা আইয়ুব আলী দেওয়ান, বলেন আইনজীবী সুলতানা।
