যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে ফাঁসি
যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক রেজাউল করিম বৃহস্পতিবার এই রায় দেন।মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আব্দুল হান্নান (২৫) চন্দনাইশ উপজেলার জাফরাবাদ গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি পলাতক।
মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ১৯ এপ্রিল হান্নান যৌতুকের দাবিতে তার পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী নার্গিস আক্তারকে গলা টিপে হত্যা করে বাড়ির পাশের আখ খেতে লাশ ফেলে রাখে।পরদিন নার্গিসের বাবা দুদু মিয়া চন্দনাইশ থানায় একটি মামলা করেন। ওই বছরের ২৫ জুলাই পুলিশ অভিযোগপত্র জমা দেয় এবং পরের বছরের ৩১ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে।এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হান্নান শুরুতে গ্রেপ্তার হলেও পরে জামিন পান।গত বছরের ৭ অগাস্ট আদালত জামিন বাতিল করার পর থেকে তিনি পলাতক।মামলার রায় ঘোষণার আগে মোট আটজনের জবানবন্দি শুনেছেন বিচারক।
