চুয়াডাঙ্গায় নারী ‘ছিনতাইকারী’ আটক
চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্ট্যান্ড থেকে ছিনতাইকারী সন্দেহে পাঁচ নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় আটকরা হলেন বাহারা বেগম (৩৭), ফিরোজা বেগম (২০), সুলেখা বেগম (১৮), সালমা খাতুন (২০) ও মধু মালা (২৬)।
এরা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দরমন্ডল গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী জানান, সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা থেকে জীবননগরগামী যাত্রীবাহী বাসে এক যাত্রীর গলায় থাকা একটি সোনার চেইন কৌশলে ছিনিয়ে নিয়ে নেমে যাওয়ার সময় ওই যাত্রী চিৎকার দেন।
এ সময় অন্য যাত্রীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়।
ওসি আরো জানান, আটকরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। এরা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে যাত্রীবেশে যানবাহনে ছিনতাই করে থাকে বলে ধারণা করা হচ্ছে।
