চট্টগ্রামে দুই ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
ধর্ষণের দুটি মামলায় দুই ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি বিশেষ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আনোয়ারা উপজেলা সদর এলাকার মাহবুব আলীর ছেলে লোকমান হোসেন (৩৫) ও বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার এজাহার মিয়ার ছেলে আমির হামজা (২২)।
বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।
ট্রাইবুন্যালে রাষ্ট্র পক্ষের আইনজীবী চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বামী পরিত্যক্তা এক মহিলাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে লোকমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছে আদালত।
বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগে আমির হামজাকেও একই শাস্তি দেয় আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২৬ জানুয়ারি গভীর রাতে লোকমান আনোয়ারা সদর এলাকায় স্বামী পরিত্যক্তা এক মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন ধর্ষিতা আনোয়ারা থানায় একটি মামলা করেন।
ওই বছরের ৫ এপ্রিল পুলিশ মামলার অভিযোগপত্র দিলে ১৫ জুন আদালত অভিযোগ গঠন করেন।
রাষ্ট্র পক্ষের ১০ জন স্বাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন বলে জানান আইনজীবী চন্দন।
তিনি বলেন, ১৯৯৮ সালের ৩০ মার্চ থেকে আমির হামজা তাদের পাশ্ববর্তী গ্রামের এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির নিজ বাড়ি এবং কক্সবাজার বেড়াতে নিয়ে একাধিক বার শারিরীক সম্পর্ক স্থাপন করেন।
পরে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় মেয়েটি ১৯৯৮ সালের ১৭ আগস্ট বাঁশখালী থানায় মামলা করেন। একই বছরের ১৬ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগ পত্র জমা দিলে পরের বছরের ১০ জুন আদালত অভিযোগ গঠন করেন।
রাষ্ট্রপক্ষের ১৪ জন স্বাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “উভয় মামলায় সাজাপ্রাপ্তরা পলাতক রয়েছেন। তবে আসামিদের বিরুদ্ধে দেয়া অর্থদণ্ড আগামী ছয় মাসের মধ্যে তাদের প্রাপ্য সম্পত্তি থেকে সংগ্রহ করে নির্যাতিতাদের দেয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছে আদালত।”
