বাগেরহাটে মন্দিরে অগ্নিসংযোগ
বাগেরহাটের কচুয়ায় একটি পারিবারিক মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতের কোনো এক সময় উপজেলার গজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জোবাই গ্রামের শৈলেন্দ্রনাথ মন্ডলের বাড়ির পারিবারিক দূর্গা মন্দিরে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রফিকুল ইসলাম বলেন, আগুনে দূর্গা, লক্ষ্মী ও অসুরের প্রতিমার চুলের কিছু অংশ পুড়ে গেছে এবং দূর্গা প্রতিমার একটি হাত ভাঙ্গা দেখতে পাওয়া গেছে।
মন্দিরের ভেতরে পত্রিকার পুড়ে যাওয়া কাগজ পাওয়া গেছে বলেও জানান তিনি।
এর আগে গত ৯ জানুয়ারি রাতে মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর কচুবুনিয়া সার্বজনীন শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দির আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
একই ইউনিয়নের কামলা জিলবুনিয়া সার্বজনীন কালী মন্দিরে আগুন দেয়ার চেষ্টা করা হয়।
