বিডি ফুডসের চেয়ারম্যানকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ
বিদেশে হেরোইন পাচারের মামলায় বিডি ফুডসের চেয়ারম্যান বদরুদ্দোজা মোমিনকে অব্যাহতির আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
আগামী তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলে বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
আদেশে বদরুদ্দোজা মোমিনকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে। আত্মসমর্পণ করলে সন্তুষ্টি সাপেক্ষে বিচারিক আদালত তাকে জামিন দিতে পারবেন।
এ মামলার এক আসামির আবেদনের শুনানিকালে স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয় আদালত।
লন্ডনে শাক-সবজি ও টাইলস রপ্তানির আড়ালে ৭৫ কেজি হেরোইন পাচারের ঘটনায় ২০০৬ সালে দুটি মামলা হয়। ওইবছর ২১ এপ্রিল মতিঝিল থানায় ২১ কেজি হেরোইন পাচারের ঘটনায় এবং ৬ মে সূত্রাপুর থানায় ৫৪ কেজি হেরোইন পাচারের ঘটনায় এ মামলাগুলো করা হয়।
মতিঝিল থানায় করা মামলায় ২০১২ সালের ২৬ মে মোমিনসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মোমিনের এক আবেদনে ওই বছরের ২৬ ডিসেম্বর তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।
পরে গত বছরের ৩ জুন ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেন এ মামলার আরেক আসামি নাজমুল হায়দার ভূঁইয়া বুলবুল। তার আবেদনের শুনানিতেই মোমিনের বিষয়ে আদেশ আসে।
আদালতে বুলবুলের পক্ষে আইনজীবী খায়রুল আলম পিপুল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ ও মো. আসাদুজ্জামান শুনানি করেন।
