রূপগঞ্জে মন্দিরে হামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালীপূজার উৎসবে নাচতে না দেয়ার জের ধরে একটি মন্দিরে দুর্বৃত্তদের হামলার পর উভয় পক্ষের ধস্তাধস্তিতে বেশ কয়েকটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মন্দিরে ঢুকে আসবাবপত্রসহ ও প্রতিমাও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার কালীপদ চন্দ্র দাসের বাড়ির মন্দিরে এই ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন পাঁচ জন। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাওঘাট পশ্চিম মনিপাড়া মন্দিরে কালীপূজার উৎসব চলার সময় স্থানীয় কয়েকজন যুবক গিয়ে জোর করে সেখানে নাচতে চায়।
এসময় পূজা কমিটির সদস্য বাদল তাদের বাধা দিলে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা বাদল ও নয়ন নামে দুজনকে পিটিয়ে আহত করে।
পরে দুবৃর্ত্তরা মন্দিরের ভেতরে ঢুকে চারটি প্রতিমাসহ ডেকোরেটর, প্রতিমার আসবাবপত্র, লাইট ভাংচুর করে।
খবর পেয়ে ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক তারিফুজ্জামান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পলিয়ে যায়। এ সময় পুলিশ পনির হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা স্বীকার করলেও প্রতিমা ও মন্দির ভাংচুর হয়নি জানিয়ে রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, “নাচতে না দেয়ায় সেখানে কয়েকজন যুবকের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়েছে। তবে দুই পক্ষের ধস্তাধস্তিতে দুটি প্রতিমার মাথা ভেঙে গেছে।”
