চট্টগ্রামে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত জয়শ্রী পাল (৩০) হাটহাজারি থানার ফতেয়াবাদের বণিক পাড়ার বাসিন্দা সঞ্জয় পালের স্ত্রী।
এঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা না হলেও নিহতের এক স্বজনের মৌখিক অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ।
হাটহাজারী থানার এসআই মনজুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১টার দিকে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হন জয়শ্রী। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
প্রতিবেশীদের বরাতে এসআই মনজুর জানান, ৮ ও আড়াই বছরের দুই শিশু সন্তান, স্বামী ও শ্বাশুড়িসহ বণিক পাড়ার ওই বাড়িতে থাকতেন জয়শ্রী। স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মাঝেই ঝগড়া হতো।
জয়শ্রীর আট বছরের ছেলের বরাত দিয়ে তিনি বলেন, “রোববার রাতে খাওয়া-দাওয়ার পর স্বামী-স্ত্রী নিজেদের মধ্যে কথা বলেছিল। এসময় তারা ঘুমাতে যান।
তিনি বলেন, “প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায় রাত সাড়ে ১২টার দিকে জয়শ্রীর গায়ে আগুন লাগে। এসময় স্বামী-স্ত্রী দুইজনই চিৎকার করলে প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে হাসপাতালে পাঠায়।”
হাটহাজারি থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতের এক ভাই থানায় এসে আমাদের মৌখিকভাবে জয়শ্রীকে হত্যার বিষয়টি অভিযোগ করেছে। এরপর আমরা ঘটনাস্থল পরিদর্শন করে তার ছেলে এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি।”
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে মন্তব্য করে তিনি বলেন, “জয়শ্রীর পরিবারের পক্ষ থেকে মামলা করলে তা গ্রহণ করা হবে।”
