২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের ইউনিয়ন ব্যাংকের শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ইউনিয়ন ব্যাংকের শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থার আদেশে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 04:40 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

সোমবার বিচারপতি মো. রেজাউল করিম ছয়মাসের জন্য এই স্থিতাবস্থার আদেশ দেন।

এরশাদের জাতীয় পার্টি থেকে বের হয়ে একই নামে কাজী জাফর আহমেদের নেতৃত্বে গঠিত নবগঠিত পার্টির মহাসচিব গোলাম মসীহ কোম্পানি আইনে স্থিতাবস্থা চেয়ে এক আবেদন করেন।

আদালতে আবেদনকারী পক্ষের আইনজীবী কাজী আখতার হামিদ সাংবাদিকদের বলেন, ব্যাংকের শেয়ার হস্তান্তরে আদালত স্থিতাবস্থা দিয়েছে। তবে এতে ব্যাংকের কার‌্যক্রম চালাতে কোনো সমস্যা নেই।

২০১৩ সালের ৭ মার্চ নিবন্ধন পাওয়া ওই ব্যাংকের ৬ শতাংশ শেয়ার এবং ৬ কোটি ৩৩ লাখ টাকার ক্যাশ প্রিমিয়াম গোলাম মসীহকে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে এরশাদ আগেই তার সঙ্গে চুক্তি করেছিলেন বলে জানান আখতার হামিদ।

তিনি বলেন, “পরে এরশাদ সেই চুক্তি ভেঙে ব্যাংক থেকে মসীহকে বিতাড়িত করেন। ”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই ব্যাংকের জন্য প্রথম থেকেই কাজ করেছিলেন গোলাম মসীহ। একারণে লিখিত চুক্তি করে তাকে ওই শেয়ার দেয়ার অঙ্গীকার করেছিলেন এরশাদ। এই চুক্তি পালন করা আইনগতভাবে বাধ্যতামূলক হলেও এরশাদ তা রক্ষা করেননি।                                                                                                                   গত ১ নভেম্বর সভাপতিমণ্ডলীর সদস্যপদসহ জাতীয় পার্টির সকল পদ থেকে বহিষ্কৃত হন গোলাম মসীহ। এর কয়েকদিনের মধ্যেই ব্যাংকে পরিচালক পদ ও প্রিমিয়াম ক্যাশের টাকা ফেরত চেয়ে এরশাদকে উকিল নোটিশ দেন মসীহ।

পরে ডিসেম্বরে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কাজী জাফরের সঙ্গে মিলে দল গঠন করেন মসীহ।