২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার ফাঁকে বাকি উপজেলা নির্বাচন

১০২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, মেয়াদ শেষের আগেই বাকি উপজেলা পরিষদগুলোতে নির্বাচন হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 10:46 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

“বাকিগুলোর যখন মেয়াদ শেষ হবে, তার আগেই করব। পরীক্ষার ফাঁকে করব কিছু, আরো যেগুলো থাকবে, সেগুলো পরীক্ষা শেষ হলে করা হবে,” বলেছেন তিনি।

৪৮৭টির মধ্যে ১০২টি উপজেলা নির্বাচনের ভোটের তফসিল ঘোষণার সংবাদ সম্মেলনে রোববার একথা বলে সিইসি।

এসএসসি পরীক্ষার মধ্যে ১৯ ফেব্রুয়ারি ১০২টি উপজেলায় ভোট হবে। এই পরীক্ষা শেষের মাস খানেকের মধ্যে শুরু হবে এইচএসসি পরীক্ষা।

দুই পরীক্ষার সময় নির্বাচনের তফসিল ঘোষণার আগে শনিবার শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশনার।

কাজী রকিব বলেন, “সামনে এসএসসি পরীক্ষা রয়েছে। আমরা চাই না, শিক্ষার্থীদের এ সময়ে ডিস্টার্বেন্স হোক। আইনগত বাধ্যবাধকতা থাকায় এছাড়া আর উপায় ছিল না। কিছু সংখ্যক উপজেলায় নির্বাচন ফেব্রুয়ারিতে করতে হবে।”

এসএসসি পরীক্ষা নেই এমন সময় দেখেই ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

‘সহিংসতা হবে না’

সহিংসতার কারণে সংসদ নির্বাচনে আটটি আসনে ভোট স্থগিত করতে হলেও উপজেলা নির্বাচনে তা হবে না বলে আশা করছেন সিইসি।

তিনি বলেন, সহিংসতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হবে।

সেনা মোতায়েনের বিষয়ে কাজী রকিব বলেন, “তা আগাম বলতে পারি না। ভোটের আগে আইন শৃঙ্খলা বৈঠক হয়। তাতে সিদ্ধান্ত নিই আমরা।

“তবে সর্বোচ্চ ব্যবস্থা নেব, যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে।”

স্থানীয় নির্বাচনে রাজনৈতিক আবহ থাকলেও কোনো দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ নেই বলে জানান সিইসি।

‘সীমানা ঠিক হলেই ডিসিসি’

পাঁচ বছর আগে মেয়াদ ফুরিয়ে যাওয়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি কাজী রকিব।

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা পুনঃনির্ধারণ সম্পন্ন করে দিলেই ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোট হবে।

বিগত নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করতে পারেনি। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করে আলাদা নগর কর্তৃপক্ষ গঠন করা হয়।

সিইসি বলেন, উত্তর ও দক্ষিণে সীমানা পুনঃনির্ধারণে সমস্যা রয়েছে।

“গত রমজান-আযহার মাঝখানে করতে চেয়েছিলাম। তা করা যায়নি। এ ডিলিমিটেশন ফিটিং করার বিষয় রয়েছে। যখনি ওই এলাকা ডিলিমিটেশন করে দিতে পারবে, তার কিছুদিনের মধ্যে নির্বাচন করে দিতে পারব।”