২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিচগুঁড়ো ছিটিয়ে রংপুরে ৯ লাখ টাকা ছিনতাই

দিনে দুপুরে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে নয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত।  

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 09:18 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

রোববার বিকেল ৪টায় রংপুর নগরীর রংপুর রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের ৬০ গজ দুরে জেলা শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আহত রেনটা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নাজিম উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. গোলাম মোস্তফা বলেন, “মরিচের গুঁড়া চোখের ভেতর ঢুকে গেছে। চিকিৎসা দেয়া হচ্ছে। চোখের ক্ষতি হবে কিনা সেটা পরীক্ষার আগে বলা যাচ্ছে না।”

বিক্রয় প্রতিনিধি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকেল ৪টায় কোম্পানির ৯ লাখ টাকা কার্টনে ভরে মোটর সাইকেলে করে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে ব্যাংকে যাচ্ছিলাম।

“জেলা শিক্ষা অফিসের সামনে পৌঁছলে ৪-৫ জন ছিনতাইকারী আমার পথ রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকার কার্টনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।”

কোতয়ালী থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।

ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।