‘তিন-চার মাসের মধ্যেই অনলাইন ও টিভি নীতিমালা’
আগামী তিন থেকে চারমাসের মধ্যেই অনলাইন ও টেলিভিশন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, “একশ দিনের মধ্যে অনলাইন নীতিমালা, বেসরকারি টেলিভিশন নীতিমালা দেয়া সম্ভব। এ সংক্রান্ত কাজ অনেক দুর এগিয়েছে।
এসময় সরকারের তথ্য বিভাগ ও সংবাদ সংস্থা বাসসের ওয়েবসাইটে ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করার কথা বলেন তিনি।
তিনি বলেন, “পিআইডি ও বাসস-এর ভিডিও উইং খোলা উচিত। এখন বাসস শুধু প্রিন্ট তথ্য দিচ্ছে, ভিডিও কোনো তথ্য দিতে পারছে না। মিথ্যাচার, গুজব খণ্ডিত তথ্য ও আংশিক সত্যের ধারা থেকে দেশকে উদ্ধার করতে হবে।
ফাইল ছবি
“সরকারের দায়িত্ব গণমাধ্যমের ওপরে নজরদারি করা নয়। বিশ্বের অন্য কোনো দেশে এটা নেই। প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের অম্ল-মধূর সম্পর্ক হোক তা কোনো সরকারই চায় না।”
সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পহেলা বৈশাখকে একদিনের বদলে তিন থেকে সাতদিনের উৎসবে পরিণত করার কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, “এর ফলে অর্থনৈতিকভাবে যেরকম অগ্রগতি হবে ঠিক তেমনি শিশুদের মনে সংস্কৃতি ও ঐতিহ্য সম্বন্ধে ধ্যান ধারণা জন্মাবে।”
