২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ

নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা প্রেক্ষাপটে ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিভাগীয় কমিশনারদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 08:10 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

রোববার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত বিভাগের কমিশনারদের সঙ্গে নিয়মিত বৈঠকে এনির্দেশ দেন স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মোসতাক আহমেদ।

ঢাকা বিভাগের কমিশনার জিল্লার রহমান, খুলনার আব্দুল জলিল, রাজশাহীর হেলাল উদ্দিন আহমেদ, চট্টগ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেটের এন এম জিয়াউল আলম, বরিশালের নুরুল আমিন ও রংপুরের দেলোয়ার হোসেন বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, নতুন করে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে সেবিষয়ে বিভাগীয় কমিশনারদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এর মধ্যে হামলার ঘটনায় করা মামলার দ্রুত তদন্ত করে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে বৈঠকে।

৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র সাতক্ষীরা ও যশোরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের দাবী, ভোট দেয়ার কারণেই হামলার শিকার হতে হয়েছে তাদের।