২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে অনুমতি দিয়েছে পুলিশ

সোহরাওয়ার্দী উদ্যানে সোমবারের সমাবেশের অনুমতি পেয়েছে ১৮ দল, যাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য রাখবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 07:26 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

সমাবেশের এক দিন আগে রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ ১২টি শর্তে এই অনুমতি দেয়।

বিএনপির বয়কটের মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনের পর সোমবারই রাজধানীতে প্রথম সমাবেশ করতে যাচ্ছেন খালেদা।

সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পাওয়া গেছে বলে বিকালে বিএনপির এক নেতা জানালেও তখন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে এর আধা ঘণ্টা পরই তিনি জানান, সমাবেশের অনুমতি দেয়া হয়েছে বিএনপিকে।

বিএনকে বিকাল ৫টার মধ্যে সমাবেশ শেষ করার শর্ত দেয়া হয়েছে, সমাবেশস্থলের বাইরে মাইক না লাগাতেও বলা হয়েছে। এছাড়াও আরো ১০টি শর্ত রয়েছে, যা আগের মতোই।

বিএনপি নেতারা জানিয়েছেন, বেলা ২টায় গণসমাবেশের কার্যক্রম শুরু হবে।

বিএনপিবিহীন ভোট হয়ে যাওয়ার পর গত ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে রাজধানীসহ সারাদেশে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন খালেদা।

৫ জানুয়ারির নির্বাচন ‘বর্জনের’ জন্য দেশবাসীকে অভিনন্দন জানাতে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

ওই কর্মসূচি ঘোষণার পরদিন বিএনপির পক্ষ থেকে মহানগর পুলিশের কাছে সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়।