জাগরণের মার্চ ছাড়ল বগুড়া
নির্বাচনের পরে আক্রান্ত সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে গণজাগরণ মঞ্চের রোডমার্চ শনিবার সকাল সাড়ে ৮টায় বগুড়া শহর থেকে ঠাকুরগাঁওয়ের পথে যাত্রা শুরু করেছে।
ফাইল ছবি ফাইল ছবি
জাগরণের রোডমার্চে দফায় দফায় বোমা হামলা
শুরুর প্রথম দিনে এই মার্চ আক্রান্ত হয়েছে কয়েক দফা, আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
মঞ্চ সংশ্লিষ্টরা জানিয়েছেন, হামলার পরও তাদের কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। শনিবার প্রথম পথসভা হবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। এরপর পলাশবাড়ি মোড়ে পথসভা করে আক্রান্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করা হবে। পরে রংপুরের পীরগঞ্জের ডাকবাংলা মাঠ ও মিঠাপুকুর শাপলা চত্বরে পথসভা হবে।
এছাড়া দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরির সামনে জনসমাবেশ হবে। রংপুরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড, নীলফামারীর সৈয়দপুরের জিআরপি রোডে পথসভা হবে। সেই সঙ্গে কর্ণিয়ায় আক্রান্ত এলাকা পরিদর্শন করে সেখানেও একটি পথসভা হবে। বিকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে জনসমাবেশের পর বীরগঞ্জ বাসস্ট্যান্ডে পথসভা করে ঠাকুরগাও পৌঁছে দ্বিতীয় দিনের জন্য রোডমার্চ মুলতবি ও রাত্রিযাপন করা হবে। রোববার ঠাকুরগাঁওয়ের গড়েয়ার উদ্দেশ্যে বের হবে রোড মার্চ। তিনদিনের এই কর্মসূচিতে শুক্রবার শাহবাগ থেকে বের হয় গণজাগরণ মঞ্চ। পথে আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমের সামনে প্রথম পথসভা হয়। এরপর একে একে কালিয়াকৈরের চন্দ্রা তিন মাথা, মির্জাপুরের পাকুল্লা জামুর্কি স্টেশন, টাঙ্গাইল দ্বিতীয় রাবনা বাইপাস ও এলেঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা হয়।
বিকালে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ হয়। এরপর চান্দাইকোনার (রায়গঞ্জ) পাবনা বাজার ও শেরপুর থানার বাসস্ট্যান্ডে পথসভা এবং বগুড়া সাতমাথায় জনসমাবেশের পর শেষ হয় প্রথম দিনের কর্মসূচি।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা, বনানী বাইপাস ও শাহজাহানপুরের পটকি ব্রিজ এলাকায় দফায় দফায় হাত বোমা হামলার মুখে পড়ে রোডমার্চ। হামলা হয় বগুড়ার জনসমাবেশস্থলেও।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, দফায় দফায় হাতবোমা হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এতে গাড়িবহরের তিনটি বাস ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া যায়। তারা হলেন- বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মাকসুদুল আলম (৬৫)।
এর আগে গত ১১ ও ১২ জানুয়ারি যশোরের অভয়নগরের মালোপাড়া অভিমুখে রোডমার্চ করে গণজাগরণ মঞ্চ। রোডমার্চে মোট ছয়টি পথসভা এবং দুইটি জনসভায় অংশ নেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
