২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলাকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবী বিশিষ্টজনদের

নির্বাচনের পরে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরকারীদের আলাদা ট্রাইব্যুনালে বিচারের দাবী করেছেন বিশিষ্টজনেরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 12:46 AM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সন্ত্রাস-সহিংসতা রুখে দাঁড়াও: রাষ্ট্র ও নাগরিক করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই দাবী তোলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।

বৈঠকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, “বাংলাদেশ সব মানুষের দেশ। দেশের অতীতের আন্দোলনই প্রমাণ করে প্রত্যেকের নিজ নিজ ভাষা, ধর্ম, সংস্কৃতির স্বাধীনতাকে কেউ কখনো আঘাত করে নি।

“একই দেশের মানুষ কখনো একজন অন্য জনের বিরুদ্ধে দাঁড়াতে পারে না।দেশকে সঠিক পথে পরিচালনার জন্য রাষ্ট্রের দায়িত্ব সবার নিরাপত্তা নিশ্চিত করা। ঠিক তেমনি নাগরিকদেরও অনেক দায়িত্ব রয়েছে।”

আলোচনায় অংশ নিয়ে প্রবীণ সাংবাদিক কামাল লোহানী বলেন, “সাম্প্রদায়িক হামলার প্রতিরোধ যদি আমরা না করতে পারি তাহলে আমাদের মানুষ হিসেবে পরিচয় না দেয়াই ভালো।”

এ সময় ঘটনার তদন্ত করে অপরাধীদের বিশেষ ট্রাইব্যুনালে শাস্তি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ব্যবস্থার জোরদারের দাবি জানান তিনি।

কাউকে সংখ্যালঘু বলা মানেই তাদের আলাদা করে দেয়া বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, “এদেশের মাটি খুঁড়লে সব ধর্মের মানুষের রক্ত পাওয়া যাবে। তাহলে কেন আলাদা করে নির্দিষ্ট একটি ধর্মের মানুষের ওপর সহিংসতা চালানো হচ্ছে?”

কথা সাহিত্যিক জাফর ইকবাল দেশের সব সমস্যা সমাধানে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “১৯৭১ সালে যে দু:সময় ছিল তা থেকে এখনো আমরা বের হয়ে আসতে পারি নি। এখনো একটা হিন্দু পরিবারে যখন আক্রমণ হয় তখন তো আর শান্তি থাকে না। কারণ এই সমস্যাটা আমাদের সবার।”

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পান্না লাল দত্তের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ, আইনজীবী রানা দাশগুপ্ত, আইনজীবী তানিয়া আমির, তুরিন আফরোজ প্রমুখ।