গ্রাম পাহারায় হিন্দুরাই
দেশে হিন্দুদের উপর হামলা বেড়ে যাওয়ায় মাদারীপুরের একটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন গত ১৫ দিন ধরে রাত জেগে পাহারা দিচ্ছে।
বাজিতপুরের নয়াকান্দি গ্রামের শিক্ষক অবনী ভূষণ মন্ডল জানান, অল্প কয়েক দিনের ব্যবধানে কয়েকটি হামলা, নির্যাতন ও ডাকাতি ঘঠনা ঘটায় জান-মাল রক্ষায় নয়াকান্দি গ্রামে ১০জন করে চারটি দল গঠন করা হয়েছে।
“গ্রামটিকে দুটি ভাগে ভাগ করে ১০ জনের দুইটি দল সারা রাত পাহারা দিচ্ছে।”
সম্প্রতি প্রধানত রাজনৈতিক কারণে দেশের বিভিন্ন স্থানে হিন্দুসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা নির্যাতন বেড়ে গেছে। হত্যা, ধর্ষণ, নির্যাতন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের শিকার হচ্ছেন তারা।
মাদারিপুরের রাজৈর উপজেলায় ৩৩৬টি মন্দির রয়েছে। কয়েক লাথ হিন্দু ছাড়াও খ্রিস্টান ধর্মাবলম্বীও বসবাস করে এ উপজেলায়।
দেশের অনেক এলাকার মতো এখানেও হামলা হয়েছে। গত ১৩ ডিসেম্বর রাতে মাদারীপুরের বাজিতপুর শ্রী প্রণব মঠে হামলা করে প্রতিমা ভাঙচুর করা হয়।
এরপর ২২ ডিসেম্বর সন্ধ্যায় বাজিতপুরের নয়াকান্দি গ্রামের সত্যেন বেপারীর বাড়িতে হামলা করে দুই বছরের এক শিশুকে হত্যা করা হয়।
এর কদিন পর ৩১ ডিসেম্বর রাতে বাজিতপুরের সুতারকান্দি গ্রামে খোকন চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়।
এই পরিস্থিতে এ উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আত্মরক্ষায় করণীয় ঠিক করতে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় নয়াকান্দি বাজিতপুর পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে বসে সভা। সেখানে ঠিক হয়, নয়াকান্দির শান্তিশৃঙ্খলা বজিয়ে রাখতে রাতে নিজেরাই পাহারা দেওয়ার বলে জানিয়েছেন রাজৈর ডিগ্রী কলেজের প্রভাষক নিত্যানন্দ হালদার।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদারীপুর পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, “যারা গ্রামে পাহাড়া দিচ্ছে, সেই হিন্দু নেতাদের সাথে কথা বলেছি, আমরা তাদের লাঠি, বাশি, টর্চ লাইট দেওয়ার কথা বলেছি।
“আমরা আশা করছি মাদারীপুর হিন্দু অধ্যুষিত রাজৈর উপজেলায় কোনো দুস্কৃতিকারী হিন্দুদের উপরে হামলা করতে পারবে না।”
এতে এলাকার লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
