২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন

শেখ হাসিনা নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বান্দরবান প্রতিনিধি. রাঙামাটি প্রতিনিধি. খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 03:03 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

নিয়ম অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে কেবল বাণিজ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন বিষয়টি থাকায় সব মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই মন্ত্রী ও সচিবদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোন কোন বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়েছে জানতে চাইলে সচিব বলেন, “প্রধানমন্ত্রীর যেসব কথা শুনে থাকেন, যেগুলো তিনি গুরুত্ব দেন- সেসব বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন।”

সাধারণত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হলেও সরকার গঠনের পাঁচ দিনের মাথায় বৈঠকে বসে ৪৯ সদস্যের এই নতুন মন্ত্রিসভা।

সচিব জানান, রাষ্ট্রপতির ভাষণে দেশের সার্বিক পরিস্থিতি এবং সামষ্টিক অর্থনীতির চিত্র, আর্থ-সামাজিক উন্নয়নে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে এবং সাফল্য অর্জিত হয়েছে, রূপকল্প ২০২১ বাস্তবায়নে যেসব খাতে কার্যক্রম নেয়া হয়েছে- তার সংক্ষিপ্ত বক্তব্য থাকবে।

এছাড়া ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের যেসব কার্যক্রম নেয়া হয়েছে, কর্মসংস্থানের চিত্র, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মতো কর্মসূচী, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি. বৈদেশিক সম্পর্কে সাফল্যর বিবরণ, প্রশাসনিক নীতি কৌশল ও সরকারের উন্নয়ন দর্শন বিষয়েও ভাষণে আলোকপাত করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে তার ভাষণে ভবিষ্যত কর্মপন্থা নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলেও মন্ত্রিপরিষদ সচিব জানান।