নূরের গাড়িবহরে হামলায় গ্রেপ্তার আরো ২
নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও পাঁচ হত্যার মামলায় আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে সদর উপজেলার টুপামারী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের আব্দুর সবুরের ছেলে আব্দুল হালিম (২৫) ও আমিনুল ইসলামের ছেলে কামরুজ্জামান আরিফ (২৪)।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ দুজনকে নিয়ে এ মামলায় এখন পর্যন্ত ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জ হাটে বর্তমান সরকারের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালিয়ে চার আওয়ামী লীগ নেতাকর্মীসহ পাঁচজনকে খুন করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
