২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে স্বর্ণ আটককারী পুলিশ কর্মকর্তা নিখোঁজ

যশোরের বেনাপোলে স্বর্ণ চোলাচালান আটককারী এক পুলিশ কর্মকর্তা তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 06:30 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার থেকে পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলামের খোঁজ নেই বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি কাইয়ুম আলি সরদার।

গত ২ জানুয়ারি বেনাপোলের কাগজপুকুর এলাকা থেকে ৫১টি স্বর্ণের বারসহ মোমিন নামে এক ব্যক্তিকে আটক করে বেনোপোল থানা পুলিশ।

অভিযোগ ওঠে ওই স্বর্ণের মধ্যে ৩৬টি থানায় জমা দেয়া হয় এবং ১৫টি এসআই রফিকুলসহ কয়েকজন পুলিশ সদস্য আত্মসাৎ করেন।

ওসি কাইয়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে যশোরের এএসপি সার্কেল মিলুমিয়া স্বর্ণ চোরাচালানের বিশ্বাস বিষয়টি তদন্ত করতে বেনাপোল আসেন।

এরপর থেকে স্বর্ণ আটককারী কর্মকর্তা এএসআই রফিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। থানার পাশে যে বাড়িতে পরিবার নিয়ে রফিক ভাড়া থাকতেন সে বাড়িটি এখন তালাবন্ধ।

“রফিক অফিস থেকে কোনো ছুটি নেননি। বিষয়টি জেলা পুলিশকে জানানো হয়েছে,” বলেন ওসি।

স্বর্ণ ভাগ-বাটোয়ারার বিষয়টি পুলিশের উচ্চ পর্যায়ে জানাজানি হলে যশোরের পুলিশ সুপার মামলাটি জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করেন।

গোয়েন্দা পুলিশ আটক মোমিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভাগ-বাটোয়ারার বিষয়টি বেরিয়ে পড়ে।

এ ব্যাপারে যশোর গোয়েন্দা পুলিশের (ডিবির) পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

এ ব্যাপারে মো. মনিরুজ্জামান বলেন, তদন্তে স্বর্ণ আত্মসাতে বেনাপোল থানার পুলিশ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।