আফতাব হত্যার ৫ আসামি র্যাবের হেফাজতে
প্রবীণ আলোকচিত্রী আফতাব আহমেদ হত্যার জড়িত সন্দেহে আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার র্যাব-৩ এর উপপরিদর্শক আশিক ইকবাল আসামিদের ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম মিজানুর রহমান পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন।
আসামিরা হলেন- হুমায়ুন কবির, হাবিব হাওলাদার, বেলাল হোসেন কিসলু, সবুজ খান ও রাজ মুন্সী। এদের মধ্যে হুমায়ুন ছিলেন আফতাবের গাড়িচালক।
গত রোববার রাতে রাজধানীর আগারগাঁও ও গাজীপুরে অভিযান চালিয়ে এদের আটক করে র্যাব।
সোমবার র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানের জানান, অর্থ লুট ও ডাকাতির উদ্দেশ্যে আফতাবকে হত্যায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক পাঁচজন।
গত ২৫ ডিসেম্বর রাজধানীর রামপুরায় নিজের বাসায় খুন হন আফতাব আহমেদ। পশ্চিম রামপুরার ওই বাসা থেকে পুলিশ তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে।
২০০৬ সালে একুশে পদক পাওয়া আফতাব দীর্ঘদিন ইত্তেফাকের জ্যেষ্ঠ আলোকচিত্রী হিসাবে কাজ করেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
