বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
রাজধানীর যাত্রাবাড়িতে বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন।
যাত্রাবাড়ি থানার ওসি রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে শনির আখড়ার রানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই ইজিবাইকের আরোহী। তাদের মধ্যে খলিলুর রহমান (৪৫) ও আজমীরী বেগম (৩৮) স্বামী-স্ত্রী।
খলিল গোপীবাগের শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের একজন কর্মচারী ছিলেন। তাদের বাসা রায়েরবাগ এলাকায়।
তাদের ৫ বছর বয়সী মেয়ে মীম ওই ইজিবাইকে থাকলেও সে সুস্থ আছে বলে জানান ওসি।
আর মায়া চৌধুরী (৫০) নামে নিহত আরেকজনের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। মায়া ফেরি করে কাপড় বিক্রি করতেন বলে ওসি জানান।
যাত্রাবাড়ি থানার এস আই এমরানুল ইসলাম জানান, নোয়াখালী পরিবহনের বাসটি ঢাকায় আসার পথে ওই ইজিবাইকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে খলিল ঘটনাস্থলে এবং মায়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
আর স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে চিকিৎসকরা আজমীরী বেগমকেও মৃত ঘোষণা করেন বলে এমরানুল ইসলাম জানান।
ওসি জানান, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।
