২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সরকারের সঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র

নির্বাচন নিয়ে সন্তুষ্ট না হলেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করে যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 09:43 AM

Updated : 01 Sep 2026, 06:01 PM

মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উপ-মুখপাত্র মারি হার্ফ এক প্রশ্নের জবাবে বলেন, “নতুন নির্বাচিত সরকারের সঙ্গে আমরা অবশ্যই কাজ করব। কিন্তু যেভাবে নির্বাচন হয়েছে, তাতে যে আমরা হতাশ- সে বিষয়টি ইতোমধ্যে আমরা স্পষ্ট করেছি।”

মারি হার্ফ বলেন, “যেহেতু নতুন সংসদের প্রায় সব আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় অথবা নামেমাত্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়েছে, সেহেতু তাতে দেশের জনগণের মতামতের বিশ্বাসযোগ্য প্রতিফলন ঘটেনি বলেই আমরা মনে করি।”

বাংলাদেশ সরকারের কাছে যুক্তরাষ্ট্রের অবস্থান পরে আরো স্পষ্ট করা হবে বলে জানান তিনি।

গত ৫ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে মোট ১২টি দল অংশ নেয় এবং ১৫৩ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হয় ১৪৭টি আসনে। তাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ ইতোমধ্যে টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করেছে।

এই নির্বাচনের ফলাফলে বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষার ‘বিশ্বাসযোগ্য প্রতিফলন’ ঘটেনি বলে এর আগেও এক বিবৃতিতে বলেছেন মারি হার্ফ।

এরপরও যুক্তরাষ্ট্র শেখ হাসিনার নতুন সরকারের সঙ্গে কাজ করে যাবে কি না- জানতে চাইলে মারি হার্ফ বলেন, “আমরা অবশ্যই কাজ করে যাব। তবে একইসঙ্গে নির্বাচন নিয়ে আমাদের অবস্থানও আমরা স্পষ্টভাবে তুলে ধরতে চাই।

নির্বাচন নিয়ে হতাশার কথা জানিয়ে যুক্তরাজ্য ও কানাডার পক্ষ থেকেও সব রাজনৈতিক দলকে সমঝোতার জন্য সংলাপে বসার তাগিদ দেয়া হয়েছে। তবে ভারত, রাশিয়া ও চীন নতুন সরকারকে সমর্থন জানিয়ে একসঙ্গে কাজ করে যাওয়ার কথা বলেছে।

হাসিনাকে সমর্থন মস্কোর

নির্বাচনের ফল নিয়ে এখনই মন্তব্য নয়: যুক্তরাষ্ট্র