চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ নিহত
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনি গেইটের সামনে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকের এই ঘটনায় নিহত ফরিদুল ইসলাম (৪৫) দামপাড়া পুলিশ লাইনে নায়েক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালে। দুর্ঘটনার সময় তিনি পুলিশের পোশাকে ছিলেন।
বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় ডিউটি শেষে আগ্রাবাদের সিঅ্যান্ডবি কলোনির বাসায় ফেরার পথে ব্যাংক কলোনি গেইটের সামনে দুষ্কৃতিকারীরা তাকে আঘাত করে বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত।
গেইটের সামনে রক্তের দাগ দেখা গেছে জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সন্ত্রাসীরা ফরিদের দুই পায়ে ধারালো কিছু দিয়ে আঘাত করেছে। পরে পুলিশের একটি টহল দল তাকে মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ বাদে তার মৃত্যু হয়।”
কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে না পারলেও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।
আগ্রাবাদের ওই এলাকায় বিভিন্ন সরকারি কলোনি অবস্থিত। নিহত নায়েক ফরিদ সিঅ্যান্ডবি কলোনির সরকারি বাসায় পরিবার নিয়ে থাকতেন।
ঢাকায় গুলিতে পুলিশ আহত
