নতুন সরকার জনপ্রতিক্রিয়া
আপনি ও মতামত জানান
আদম আলী, রিকশাচালক বাসাবাটি, বাগেরহাট
“বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ তারা যেন গরীব মানুষদের দিকে খেয়াল রাখে। সরকার বিরোধীরা যেন হরতাল-অবরোধ ডেকে গরীব মানুষদের আগুন দিয়ে পুড়িয়ে না মারে।”
তৈয়ব আলী, চালক, সায়েড়া, বাগেরহাট
“ভোট দিলাম না। কিন্তু নতুন সরকার পাইলাম। যাই হোক এই নতুন সরকার যেন গরিব মানুষদের নিরাপত্তা নিশ্চিত করে আর জিনিসপত্রের দাম গরিব মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে রাখে।”
সোহরাব হোসেন, ইজিবাইক চালক, বারাকপুর, বাগেরহাট
“সংসদ নির্বাচনের দাবিতে জামায়াত-বিএনপি গত দুই মাস ধরে রাজপথে যে নৈরাজ্য চালিয়েছে তাতে আমরা ইজিবাইক চালকরা আতঙ্কিত। হরতাল-অবরোধে স্বল্প আয়ের মানুষদের অসংখ্য গাড়ি ভাংচুর করা হয়েছে।
“সরকার আসে সরকার যায় কিন্তু রাস্তায় খেটে খাওয়া মানুষরা রাস্তায়ই থেকে যায়।
“একতরফা নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ আবার বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করেছে। এই নতুন সরকারকে হঠাতে যেন আন্দোলনের নামে আমাদের মত ক্ষুদ্র আয়ের মানুষের রুটিরুজিতে যেন আঘাত না আসে সেই দিকে খেয়াল রাখার অনুরোধ থাকল এই নতুন সরকারের প্রতি।”
দেবাশীষ দাম, এনজিও কর্মী, মেইনরোড, বাগেরহাট
“ভোট দিয়ে এবং না দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজ বিপদাপন্ন। দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, উপসালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতন করা হয়েছে বা হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বলে এই নতুন সরকারের কাছে প্রত্যাশা করছি।”
মাসুম শেখ, বাসের সহকারী কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, বাগেরহাট
“হরতাল-অবরোধে গত দুই মাস ধরে বাগেরহাট-খুলনা সড়কে ঠিকমত বাস চলাচল করেনি। রাস্তায় গাড়ি না চলায় মালিক পারিশ্রমিক দেয়নি। ধার দেনা করে সংসার চলছে।
“হরতাল অবরোধ মুক্ত সড়ক চাই। এই নতুন সরকারের কাছে এটাই আমার প্রথম চাওয়া।”
সুব্রত মুমূখার্জি, এনজিও কর্মী, সামসুউদ্দিন-নাহার ট্রাস্ট, বাগেরহাট
“নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাদের ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার করবে এই প্রতিশ্রুতি দিয়েছিল বলে ভোট দিয়েছিলাম। তাদের মেয়াদের শেষ সময়ে এসে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে মাত্র। তাই এই সরকার আবার নতুন করে সরকার গঠন করায় তাদের অভিনন্দন জানাই। তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করবে এটাই আশা করছি।”
নজরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক, বাগেরহাট
“আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মার্কিনদের চোখ রাঙানিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করায় তাঁকে অভিনন্দন জানাচ্ছি।
“এই নতুন সরকার যেন স্বাধীনতা বিরোধীদের সমূলে বিনাশ করে রাজাকারমুক্ত সোনার বাংলা গড়তে পারে সেই শুভ কামনায় রইলাম। প্রতিক্রিয়াশীলদের এই বাংলায় যেন ঠাঁই না হয় সেজন্য সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছি।”
হক মো. নূরুল্লাহ, কলেজ শিক্ষক, বরিশাল
“জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হওয়ার পরেও তারা মন্ত্রী পরিষদেও রয়েছে। এটা প্রশ্নবিদ্ধ।
মো. জসিমউদ্দিন, ব্যবসায়ী, বরিশাল
“বরিশাল জেলায় ছয়টি সংসদীয় আসন রয়েছে। কিন্তু এ জেলার কাউকে মন্ত্রী করা হয়নি। এতে সাধারণ মানুষ সরকারের প্রতি সন্তুষ্ট নন।”
রবিউল আউয়াল, রিকশাচালক, বরিশাল
“মন্ত্রী যেই হোক না কেন, তাতে আমাদের কিছু আসে যায় না। আমাদের মত নিম্ন আয়ের মানুষের এখনও খেটে খেতে হয়। ভবিষ্যতেও খেটে খেতে হবে।”
ফাতেমা বিনতে সালাম, স্কুল শিক্ষক, বরিশাল
“গত মন্ত্রিপরিষদে নারীদের প্রাধান্য দেয়া হয়েছিল। কিন্তু বর্তমান মন্ত্রিপরিষদে মাত্র একজন নারী। এবারের মন্ত্রিপরিষদে নারীদের বঞ্চিত করা হয়েছে।”
আবুল বাশার, রাজনৈতিক কর্মী, বরিশাল
“জাতীয় পার্টি থেকে আরো কয়েকজনকে মন্ত্রী দেয়া উচিত ছিল। আওয়ামী লীগ এখানে স্বজনপ্রীতি করেছে।”
নূরুজ্জামান মিয়া, পরিবহন ব্যবসায়ী, বরিশাল
“শাহজাহান খানের দপ্তর পরিবর্তন করা উচিত ছিল।”
উৎপল দাস, ব্যাংক কর্মকর্তা, বরিশাল
“এবারের মন্ত্রিপরিষদের সিনিয়র রাজনীতিবিদদের স্থান দেয়া হয়েছে। এটা ইতিবাচক একটি দিক।”
প্রলয় পোদ্দার, গ্রামীন ব্যাংক কর্মকর্তা গোপালগঞ্জ
“শেখ হাসিনা নতুন সরকার গঠন করায় আমরা স্বস্তি পাচ্ছি। এ সরকার পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকবে বলে আমি ব্যক্তিগত ভাবে আশাবাদ ব্যক্ত করছি।”
মিলন শেখ, বাস শ্রমিক গোপালগঞ্জ
“আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাইরের লোক বাসে করে গোপালগঞ্জে আসে কাজ করতে। বেশি ডিউটি করার সুযোগ পাই একটু বেশিই আয় হয়।”
গৌরাঙ্গ লাল দাস কোটালীপাড়া উপজেলার উন্নয়ন কর্মী, গোপালগঞ্জ
“নতুন সরকার জঙ্গি মুক্ত বাংলাদেশ গড়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এটাই আমার প্রত্যাশা।
বিধান বিশ্বাস, মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো ও অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ
“এ সরকার হিন্দুদের ওপর নির্যাতন অত্যাচার বন্ধে কঠোর আইন করবে। সংখ্যা লঘুদের উপর নির্বাচনী সহিংসতা ও নির্যাতনের বিচার করবে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে।”
মো. হাবিবুর রহমান, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতির সহকারী অধ্যাপক
“শিক্ষানীতি বাস্তবায়ন করে এ সরকার দেশে অধুনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তন করবে।”
শাহিন মোল্লা, দিন মজুর, গোপালগঞ্জ
“শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কাজকাম ভাল হয়। আয় বাড়ে। ছেলে মেয়ে নিয়ে ভাল থাকতে পারি।”
অটল বিহারী মজুমদার, মুক্তিযোদ্ধা, গোপালগঞ্জ
“যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করতে হবে। রাজাকার মুক্ত দেশ গঠন করতে হবে।”
গাজী মোস্তাফিজুর রহমান দিপু, সাংস্কৃতিকর্মী, গোপালগঞ্জ
“যুদ্ধাপরাধীরা পৃথিবীর কোন দেশেই রাজনীতি করতে পারে না। বাংলাদেশেও তাদের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে।”
পরেশ মন্ডল, ক্ষুদ্র ব্যবসায়ী, গোপালগঞ্জ
“আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আমাদের বেচা বিক্রি ভাল হয়। আমি ব্যক্তিগতভাবে সব সময় আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাই।”
