শেকৃবির ভর্তি পরীক্ষা ২৪ জানুয়ারি
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ওইদিন বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা হবে বলে সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লার সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জানুয়ারি ফল প্রকাশের পর মূল মেধা তালিকা থেকে ২৮ ও ২৯ জানুয়ারি শিক্ষার্থী ভর্তি করা হবে। ক্লাশ শুরু হবে ৫ ফেব্রুয়ারি।
২০১৩-১৪ শিক্ষাবর্ষে শেকৃবির তিনটি অনুষদে ৫০০ আসনের বিপরীতে ১৫ হাজার ৯ শত ৪৬ জন শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন।
এবার সাধারণ জ্ঞান, ইংরেজি এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম অনুযায়ী পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়গুলোর উপর এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার লিখিত পরীক্ষা হবে।
গ্রেডিং পদ্ধতিতে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ৮ গুণ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ১২ গুণ নম্বর লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ করে মোট ২০০ নম্বরের উপর মেধা তালিকা করা হবে।
কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরীনারী মেডিসিন অনুষদ ৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এর আগে ২৯ নভেম্বর ও ১৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেও বিরোধী দলের হরতাল- অবরোধের কারণে তা স্থগিত করা হয়।
