সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ অব্যাহত
দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং নারীর সম্ভ্রমহানির প্রতিবাদে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।
সোমবারও জেলায় জেলায় মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও রাজনৈতিক দল।
দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট, জামালপুর, যশোর, চট্টগ্রাম, সিরাজগঞ্জসহ অনেক জেলায় সাম্প্রদায়িক হামলার শিকার হয় হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন।
গত ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দেয়ার কারণে এ হামলা-নির্যাতন হয় বলে ভুক্তভোগীরা দাবি করছেন।
প্রত্যেক জায়গায় স্থানীয় চিহ্নিত গোষ্ঠী নির্বাচনের আগে তাদের নানা ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল যাতে ভোট কেন্দ্রে না যায়।
ফরিদপুরে চিকিৎসক পরিষদের মানববন্ধন
বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধঘন্টার মানববন্ধন কর্মসূচিতে অর্ধশতাধিক চিকিৎসক অংশ নেন।
এ সময় বক্তারা সরকারের কাছে বিশেষ ট্র্যাইবুনালে সাম্প্রদায়িক হামলা, নির্যাতনে জড়িতদের বিচারের দাবি জানান।
পেশাজীবী পরিষদের মানববন্ধনে পুলিশের বাধা
বিকাল ৪টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে পেশাজীবী পরিষদের ব্যানারে বিএনপি ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর মানববন্ধন কর্মসূচি পুলিশ পণ্ড করে দিয়েছে।
সংখ্যালঘুদের ওপর নির্যাতনের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করে বক্তব্য দেওয়া শুরু করলে সোয়া ৪টার দিকে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে লাঠি হাতে ও বাঁশি বাজিয়ে নেতাকর্মীদের সেখান থেকে সরে যেতে বাধ্য করে।
ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বলেন, অনুমতি ছাড়া শহরের ব্যস্ততম সড়ক আটকে মানববন্ধন করা থেকে তাদের বিরত রাখা হয়েছে।
বাগেরহাটের চিতলমারীতে মানববন্ধন
সকালে বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া বাজারে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ওই মানববন্ধনে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ এলাকার সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু অংশ নেন।
বক্তরা এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ সড়কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের কর্মকর্তারাও একাত্মতা প্রকাশ করেন।
অংশগ্রহণকারী শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবি সংবলিত ব্যানার বহন করেন।
সমাবেশে বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অব্যাহত সহিংসতা ও নির্যাতনে দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।
দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন দিনাজপুর-রংপুর মহাসড়কে মানববন্ধন কর্মসূচিতে উপাচার্যসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ অংশ নেন।
সমাবেশে উপাচাররর্য অধ্যাপক মো. রুহুল আমিন বিশেষ ট্রাইবুনাল গঠনের মাধ্যমে দুর্বৃত্তদের বিচারের দাবি জানান।
নোয়াখালীতে গণজাগরণ মঞ্চের মানবন্ধন
জেলা শহরের টাউনহলের মোড়ে মানবন্ধন করে গণজাগরণ মঞ্চ।
এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা এসব ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান।
নীলফামারীতে সিপিবি ও বাসদের মানববন্ধন
নীলফামারীতে যৌথভাবে মানববন্ধন করেছে সিপিবি ও বাসদ।
সোমবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সিপিবি, বাসদ ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
নির্বাচন কমিশনের হাতে পাঁচ লক্ষ নিরাপত্তা বাহিনীর সদস্য থাকা সত্বেও নির্বাচন পরবর্তী সারাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে পারেনি বলে অভিযোগ করেন বক্তারা।
সরকার হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় ব্যর্থ হয়েছে অভিযোগ করেন তারা অবিলম্বে হিন্দু সম্প্রদায় ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার এবং জামায়াত-শিবির ও বিএনপির হামলাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি করেন।
