২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কায়সারের অভিযোগ গঠনের আদেশ ৩০ জানুয়ারি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনে থাকা এরশাদ আমলের প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী ৩০ জানুয়ারি আদেশ দেবে যুদ্ধাপরাধ  ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 06:08 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষ ও প্রসিকিউশনের শুনানি নিয়ে এ দিন ঠিক করে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার বলেন, ১৯৭২ সালে তার (কায়সার) দালাল আইনে (কোলাবরেটর অ্যাক্ট) বিচার হয়েছিল, তখন তিনি বেকসুর খালাস পেয়েছিলেন।

File Photo

File Photo

File Photo

“তিনি সম্পূর্ণ নির্দোষ, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। একই অপরাধে এক ব্যক্তির বিরুদ্ধে দুইবার বিচার হতে পারে না।”

তার বক্তব্যের বিরোধিতা করে প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, “একই ব্যক্তির দুইবার বিচার হতে পারে না, এটি ঠিক নয়। যুদ্ধাপরাধে অভিযুক্ত সাবেক মন্ত্রী আব্দুল আলিমের দালাল আইনে বিচারের পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়।”

“ তাছাড়া দালাল আইনে যেসব অভিযোগে সৈয়দ কায়সারের বিচার হয়েছিল, সেগুলো এখানে আনা হয়নি ।”

গত বছর ১০ নভেম্বর কায়সারের বিরুদ্ধে একাত্তরে নয় ধরনের মানবতাবিরোধী অপরাধে ১৮টি অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউসন। এর মধ্যে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

গত ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।  ওইরাতেই গ্রেপ্তার করা হয় মুসলিম লীগের সাবেক এই নেতাকে। এরপর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

২১ মে কায়সারকে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৪ আগস্ট সৈয়দ কায়সারকে শর্তসাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল।