পুরান ঢাকায় ব্যবসায়ীদের সংঘর্ষে আহত ১৮
রাজধানীর পুরান ঢাকার সদরঘাট এলাকায় দুই দল ব্যবসায়ীর সংঘর্ষে চার পুলিশসহ ১৮ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে পাওনা টাকা আদায় নিয়ে লেডিস মার্কেটের ব্যবসায়ী নবী হোসেনের ও সাউথ প্লাজার ব্যবসায়ী মো. মতিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ আরো তিন পুলিশ আহত হয়েছেন।
বাকিরা হলেন- এএসআই শাহানুর, কাজী স্বপন ও পুলিশ সদস্য রফিক। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় পাঁচ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা হলেন, মো শরীফুল ইসলাম, মো. লিটন, মো. মিতু, মো. আজমল হুদা, মো. আমিনুল হক।
এদিকে সংঘর্ষে আহত চরজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং অপর ১০ জনকে মিটফোর্ডে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান বিক্রমপুর গার্ডেন সিটির দোকান মালিক রনি।
ওসি আরো জানান, সকালে ব্যবসায়ী নবী হোসেন অপর ব্যবসায়ী মতিনের কাছে পাওনা দুই লাখ ৬০ হাজার টাকা ফেরত চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে থানায় এনে ব্যাপারটি মীমাংসারও চেষ্টা করা হয়।
“দুপুরে থানার বৈঠক থেকে দুই ব্যবসায়ী উত্তেজিত হয়ে বেরিয়ে আসেন। পরে নবী হোসেনের পক্ষে ঘাটশ্রমিকরা এবং মতিনের পক্ষে বিক্রমপুর গার্ডেন সিটি ও সাউথ প্লাজার ব্যবসায়ী-কর্মচারীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে নামে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলেও জানান ওসি।
