২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ বসছে ২৯ জানুয়ারি

দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ২৯ জানুয়ারি। অন্যদিকে নবগঠিত মন্ত্রিসভা আগামী বৃহস্পতিবার প্রথম বৈঠকে বসছে।

নিজস্ব প্রতিবেদক

কারিমা ফেরদৌসী কেকা

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 05:03 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক জয়নাল আবেদীন এবং মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সোমবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

গত ৫ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়েছে দশম সংসদ। বিএনপিবিহীন এই নির্ব‌াচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রোববার টানা দ্বিতীয়বার সরকার গঠন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

সংসদ সচিবালয়ের কর্মকর্তা জয়নাল আবেদীন সোমবার সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি দশম সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ২৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বসবে অধিবেশন।

সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে নিয়ম অনুয়ায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেবেন। যে কোনো সংসদের প্রথম অধিবেশন এবং বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার বিধান রয়েছে।

বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রথম অধিবেশনের শুরুতেই বিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে।

শিরীন শারমিন সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে স্পিকার নির্বাচিত হয়েছিলেন। এবার সরাসরি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করায় তার এই পদে ফিরে আসতে হলে মহিলা আসন থেকে আবার নির্বাচিত হতে হবে এবং তা ২৯ জানুয়ারির আগেই নিষ্পন্ন করতে হবে।

নবম সংসদের মেয়াদ ২৪ জানুয়ারি পর্যন্ত। এর যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি।

দশম সংসদে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নেয়া হাসিনা তৃতীয়বারের মতো সংসদ নেতার দায়িত্ব পালন করবেন।

বিএনপির অনুপস্থিতিতে সংসদে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন।

১৯৯১ সালের পর থেকে প্রতিটি সংসদে শেখ হাসিনা ও খালেদা জিয়া সংসদ নেতা কিংবা বিরোধী নেতার দায়িত্বে ছিলেন। এবারই ব্যতিক্রম ঘটল।

নবম সংসদের মোট কার্যদিবস ছিল ৪১৮, যা দেশের সংসদীয় ইতিহাসে রেকর্ড। বিল পাসের ক্ষেত্রেও বিদায়ী সংসদ রেকর্ড করেছে, মোট পাস হওয়া বিলের সংখ্যা ২৭১।

অন্য যে কোনো সংসদের চেয়ে বিদায়ী সংসদে বিরোধী দলের বর্জনেও ছিল রেকর্ড। বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল অনুপস্থিত ছিল ৩৪২ কার্যদিবস, উপস্থিত ছিল ৭৬ কার্যদিবস। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া উপস্থিত ছিলেন ১০ দিন।

এদিকে মন্ত্রিপরিষদ সচিব সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

সাধারণত মন্ত্রিসভার বৈঠক সোমবার হয়ে থাকে।

তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার শপথ নেয়ার পাশাপাশি রোববার ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী শপথ নেন।

ভোট হল, আওয়ামী লীগ জিতল

তৃতীয়বার প্রধানমন্ত্রী শেখ হাসিনা