সংলাপ বেগবান হয়েছে: আশরাফ
নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ ‘বন্ধ’ হয়নি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলছেন, তা আরো ‘বেগবান’ হয়েছে।
অবশ্য সংলাপের সাফল্যের ক্ষেত্রে ‘বাইরের শক্তিও’ যে গুরুত্বপূর্ণ- প্রকাশ্যেই তা স্বীকার করেছেন টানা দ্বিতীয় মেয়াদে স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব নেয়া আশরাফ।
সোমবার সচিবালয়ে নিজের দপ্তরে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, এই সরকারের মেয়াদ পাঁচ বছর। এর থেকে এক দিন বেশিও সরকার ক্ষমতায় থাকবে না।
“রাজনীতি নিয়ে আলাপ-আলোচনা সব সময় চলে, এখনো চলছে এবং ভবিষ্যতেও চলবে। আলোচনার দ্বার বন্ধ হলে সমস্যা হয়।”
বিএনপির সঙ্গে প্রতিটি রাজনৈতিক সংলাপেই ভূমিকা ছিল জানিয়ে আশরাফ আশা প্রকাশ করেন, “বিএনপি সংলাপে আসবে এবং এর মধ্য দিয়ে রাজনৈতিক সমঝোতা হওয়া সম্ভব।”
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি ভোট বর্জনের ঘোষণা দেয়ার পর দেশজুড়ে সহিংসতার মধ্যে গত ডিসেম্বরে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকোর মধ্যস্থতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তাদের সংলাপ শুরু হয়।
তবে তাতে সমঝোতা না হওয়ায় গত ৫ জানুয়ারি ভোট হয় বিএনপি ও শরিকদের ছাড়াই। তাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েই এবার সরকার গঠন করল আওয়ামী লীগ।
আশরাফ বলেন, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের উদ্যোগে পরপর তিন দিন দীর্ঘক্ষণ আলোচনার পর তারা ‘সাফল্যের একদম কাছাকাছি’ পৌঁছে গিয়েছিলেন।
“তবে নোগেসিয়েশনকারীদের ইচ্ছেই সব নয়। বাইরের শক্তিও আছে।”
‘আওয়ামী লীগ-বিএনপি একত্র হলে আলোচনা সফল হবে’- এমন প্রত্যাশা জানিয়ে আশরাফ বলেন, “মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক সংলাপও চলবে। আলোচনা থামে নাই। বন্ধও হয় নাই। আলোচনা আরো বেগবান হচ্ছে।”
হাসতে হাসতে তিনি সাংবাদিকদের বলেন, “মিডিয়ার সামনে আলোচনা হয়নি বলে আপনারা দেখতে পারেননি।”
বিএনপির নির্বাচন বর্জনের সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “নির্বাচন বর্জনের কালচার স্থায়ী হয়ে গেলে সব দল মিলে জীবনে আর নির্বাচন হবে না।”
‘সেক্সি মন্ত্রণালয়ের অফার’
শেখ হাসিনার নেতৃত্বে তৃতীয় দফায় মন্ত্রিসভার দায়িত্বে আসা সৈয়দ আশরাফ বলেন, এবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাইরে আরো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন।
আওয়ামী লীগের মুখপাত্র আশরাফের ভাষায় ওই দুটি মন্ত্রণালয় ছিল আরো ‘সেক্সি’।
“এই মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার) চেয়ে অন্য দুটি মন্ত্রণালয় অনেক বেশি সেক্সি। ওইসব মন্ত্রণালয়ে অনেক অনেক বেশি পাবলিসিটি পাওয়া যেত।”
তবে মন্ত্রণালয় দুটির নাম না জানিয়ে তিনি বলেন, ওই দুই মন্ত্রণালয়ের মধ্যে একটিতে ‘২৪ ঘণ্টাই মিডিয়াতে থাকার সুযোগ’ ছিল। আর অন্য মন্ত্রণালয় নিলে পাওয়া যেত ‘সারা বিশ্ব ভ্রমণের সুযোগ’।
মন্ত্রিসভার দপ্তর বণ্টনের আগে গুজব ছিল, আশরাফকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী করা হতে পারে।
দপ্তর বণ্টনের পর দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিজের হাতেই রেখেছেন। এ দুই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে আসাদুজ্জামান খান ও মো. শাহরিয়ার আলমকে।
ওই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব না নেয়ার কারণ হিসাবে আশরাফ বলেন, “আমি এখানে (স্থানীয় সরকার মন্ত্রণালয়) কাজ করতেই স্বচ্ছন্দ বোধ করি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় রাজনৈতিক বিষয়েও আমার সময় দেয়ার প্রয়োজন আছে। ওই দুই মন্ত্রণালয়ে গেলে এই সময় দেয়া যেত না।”
রাজনীতিতে ‘সংকট’ আছে- এমন মন্তব্য করে আশরাফ বলেন, “ভবিষ্যতেও সংকট আসবে। তবে যে কোনো অবস্থায় উত্তেজিত না হয়ে ঠাণ্ডা মাথায় মোকাবেলা করার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে।”
মুজিবনগর অস্থায়ী সরকারের উপ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ নিজের ধৈর্য্যের পরিচয় দিতে গিয়ে বলেন, “আই ডোন্ট জাম্প।”
পরিস্থিতি পর্যবেক্ষণ করে সময় নিয়ে প্রতিটি সিদ্ধান্ত নেন বলেও জানান তিনি।
