নিউ ইয়র্কে ভণ্ডুল সেমিনার সম্পর্কে ‘জানতেন না’ রাজ্জাক
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাকে নিয়ে নিউ ইয়র্কের সেমিনারের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাক, যেটি প্রবাসীদের বিক্ষোভের মুখে ভণ্ডুল হয়ে যায়।
শুক্রবার বিকালে নিউ ইয়র্কের এস্টোরিয়ায় সাউন্ডভিউ মিলনায়তনে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে বাংলাদেশ : বিচারিক হত্যার শিকার শহীদ আব্দুল কাদের মোল্লা’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করেছিল ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন’।
মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মুখে ওই সেমিনার পণ্ড হয়ে যায়, যা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশ হয়।
সেমিনারের আয়োজকদের অনেকে বলেছিলেন, ওই সেমিনারে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার রাজ্জাক থাকবেন। বিক্ষোভকারীরাও একই কথা বলেছিলেন।
তবে রাজ্জাকের ব্যক্তিগত সহকারী এম কাওসার হামিদ ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, “ব্যারিস্টার রাজ্জাক সেই সেমিনারে আমন্ত্রিতও ছিলেন না। ওই সেমিনার সম্পর্কে তিনি কিছু জানেনও না।”
রাজ্জাক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সেদিন বিকালে তিনি ভিন্ন রাজ্যে ছিলেন বলে জানান তার সহকারী।
নিউ ইয়র্কে জামায়াতের সেমিনার ভণ্ডুল
