স্বরাষ্ট্র, পররাষ্ট্রও প্রধানমন্ত্রীর হাতে
রীতি অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের বাইরে আরো তিনটি মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই থাকছে।
এগুলো হলো- স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
রোববার বঙ্গভবনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী শপথ নেন।
শপথের পর মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই সেগুলো প্রধানমন্ত্রীর অধীনে থাকবে।
প্রজ্ঞাপনে বলা হছে, “যে সকল মন্ত্রণালয়/বিভাগ কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর অধীনে ন্যস্ত করা হয়নি, সেগুলো পুনরাদেশ না দেওয়া পর্যন্ত Rules of Business 1996- এর Rule 3(iv) অনুযায়ী সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবে।”
বণ্টন করা মন্ত্রণালয়গুলোর মধ্যে পাঁচটিতে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে তাদের হাতেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির মো. মুজিবুল হক চুন্নু আগের মতোই প্রতিমন্ত্রী হিসেবে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
আগের সরকারের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এবং মেহের আফরোজ চুমকি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
এছাড়া প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিংয়ের হাতে থাকছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং বীরেন শিকদারের দায়িত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
