২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৯ সদস্যের মন্ত্রিসভা

৪৯ সদস্যের মন্ত্রিসভার শপথের মধ্যে দিয়ে টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 04:09 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

এই ৪৮ জনের মধ্যে পূর্ণ মন্ত্রীপদ পেয়েছেন ২৯ জন। এছাড়া ১৭ জন প্রতিমন্ত্রী ও দুইজন উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

রোববার বিকাল ৩টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন হাসিনা, যাকে তৃতীয়বারের মতো এই পদে পেল বাংলাদেশ।

এরপর পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ হয়।

যেমনটি ধারণা করা হচ্ছিল- সেভাবেই শরিক দলের নেতাদের রেখে নতুন সরকার গঠন করলেন প্রধানমন্ত্রী, যাতে প্রধন বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরাও আছেন।

গত সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে থাকা জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও নির্বাচনকালীন সরকারের টেলিযোগাযোগ মন্ত্রী ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এ সরকারেও আছেন। আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ সালের সরকারে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করা আনোয়ার হোসেন মঞ্জুও এ সরকারে আছেন, যিনি জাতীয় পার্টির (মঞ্জু) সভাপতি।

জাতীয় পার্টির নেতাদের মধ্যে মন্ত্রী হয়েছেন সভাপতিমণ্ডলির সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। এছাড়া সভাপতিমণ্ডলির অপর দুই সদস্য মো. মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা পেয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।

মন্ত্রীদের মধ্যে আরো আছেন আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলাম, খোন্দকার মোশাররফ হোসেন, অধ্যক্ষ মতিউর রহমান, আ ক ম মোজাম্মেল, মো. ছায়েদুল হক, ইমাজউদ্দিন প্রামানিক, ওবায়দুল কাদের, নুরুল ইসলাম নাহিদ, শাজাহান খান, আনিসুল হক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুজিবুল হক, আ হ ম মোস্তফা কামাল, আসাদুজ্জামান নূর, মোস্তাফিজুর রহমান ফিজার, সৈয়দ মহসিন আলী, শামসুর রহমান শরীফ ডিলু, মো. কামরুল ইসলাম।

অন্যদের মধ্যে প্রতিমন্ত্রী হিসাবে সরকারের দায়িত্ব পেয়েছেন ইয়াফেস ওসমান, এম এ মান্নান, মির্জা আজম, প্রমোদ মানকিন, বীর বাহাদুর, নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, আসাদুজ্জামান খান কামাল, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ইসমত আরা সাদেক, মেহের আফরোজ চুমকি, শাহরিয়ার আলম, জাহিদ মালেক স্বপন, নসরুল হামিদ বিপু ও জুনায়েদ আহমেদ পলক।

আর আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও আরিফ খান জয় পেয়েছেন উপমন্ত্রীর দায়িত্ব।

বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের পর ২০০৮ সালের নির্বাচনে জিতে ২৪ জন মন্ত্রী ও আটজন প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করছিলেন শেখ হাসিনা। অবশ্য পরে কয়েক দফা সম্প্রসারণে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ায় ৫০ জনে।

এরপর নির্বাচনের আগে সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন দলের সাংসদদের নিয়ে শেখ হাসিনা গঠন করেন ২৯ সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভা।

বিগত সরকারে না থাকলেও আওয়ামী লীগের ১৯৯৬ সালের সরকারে উপমন্ত্রী ছিল।