২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় আবারো প্রতিমায় আগুন

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জেলা সদরে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ চলার মাঝেই নেত্রকোনায় আরেকটি কালী মন্দিরের প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 12:07 AM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শনিবার রাত ৮টায় সদর উপজেলার দুধকুড়া গ্রামের সার্বজনীন কালী মন্দিরের প্রতিমায় এই আগুন দেয়ার ঘটনা ঘটে বলে নেত্রকোনা মডেল থানার ওসি একেএম কাউসার জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার রাতে জেলার কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামের কালি মন্দিরের প্রতিমা এবং জাহাঙ্গীরপুর এলাকায় মুক্তিযোদ্ধা সুকোমল বৈশ্যের বাড়ির খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা।

ওই ঘটনার প্রতিবাদে শুক্র ও শনিবার শুক্র ও শনিবার নেত্রকোনা জেলা পুজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, মহিলা পরিষদ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিক্ষোভ মিছিল করে। কিন্তু তারপরপরই আবারো প্রতিমায় আগুন ধরানোর ঘটনা ঘটলো।

ওসি কাউসার জানান, মন্দিরে শনিবার সন্ধ্যায় অর্চনা শেষে মন্দিরে তালা দিয়ে চলে যান।

পরে ৮টার দিকে মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিমায় আগুন দেয়  দুর্বৃত্তরা । আগুনে শিব ও কালী মূর্তির চুল পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ সুপার জাকির হোসেন খান ঘটনাস্থল পরিদর্শনে যান।

ওসি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে।”