সম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে মিছিল ও সমাবেশ
দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে চট্টগ্রামে মশাল মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
শনিবার বিকালে নগরীর চেরাগীর পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এসময় বক্তারা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সাম্প্রদায়িক সহিংসতার সাথে যুক্তদের বিচার করার দাবি জানিয়ে বলেন, হিন্দুদের ওপর হামলকারীরা যে দলেরই হোক তাদের ধরে বিচার করতে হবে।
সমাবেশে বক্তারা, সহিংসতার পেছনে একাত্তরের পরাজিত অন্ধকারের শক্তিকে দায়ী করে হামলাকারীদের বিচারের পাশাপাশি ধর্মভিত্তিক রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করার দাবিও জানান।
চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শিক্ষকনেতা অধ্যাপক অশোক সাহা, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়কারী শরিফ চৌহান, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান প্রমুখ।
এই কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, ছাত্রফ্রন্ট, খেলাঘর, উদীচী শিল্পী গোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, চেতনা-৭১ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সংহতি জানায়।
সমাবেশ শেষে সন্ধ্যায় একটি মশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের বিচার দাবি করে নগরীতে বিকালে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে মুক্তিযোদ্ধারা।
নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।
জেলা কমান্ডার মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মঈনউদ্দিন, ডা. মাহফুজুর রহমান, ডেপুটি কমান্ডার মাহাবুবুল আলম চৌধুরী, এ কে এম সরোয়ার কালাম দুলু, আবদুর রাজ্জাক, জামাল উল্লাহ, এস এম ইলিয়াছ চৌধুরী, নাছির উদ্দিন, বদিউজ্জামান প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলও করেন মুক্তিযোদ্ধারা।
এছাড়া বিকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম শাখা সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নগরীতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করে।
ক্র্যাক প্লাটুন (সিপি) নামে একটি ফেসবুক ভিত্তিক একটি সংগঠনও হামলার প্রতিবাদে মানববন্ধন করে নগরীতে। তাদের কর্মসূচি থেকে হামলাকারীদের বিচারসহ ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়।
