মাগুরায় আ. লীগকর্মীর দোকানে অগ্নিসংযোগ
‘নির্বাচনে ভোট দেয়ায়’ মাগুরা সদরে এক আওয়ামী লীগকর্মীর তিনটি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শ্রীরামপুর বাজারে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মাগুরা সদর থানার ওসি এ এ হাসেম জানান, অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আলম মিয়া নামের এক এলাকাবাসী জানান, স্থানীয় কয়েক ব্যক্তি আওয়ামী লীগকর্মী রফিকুল ইসলামসহ বেশ কয়েকজনকে নিষেধ করে আসছিল। কিন্তু এ বাধা উপেক্ষা করে অনেকের মতো রফিকও ভোট দেন।
এর জেরে বৃহস্পতিবার তারা রফিককে মারপিট করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে শুক্রবার দুপুরে কয়েকজন মিলে শ্রীরামপুর বাজারে রফিকের মালিকাধীন তিনটি মুদি, সার-কীটনাশক ও ডিজেল-পেট্রোলের দোকানে আগুন দেয়।
এতে তিনটি দোকান ভস্মীভূত হয়।
মাগুরা দমকল বাহিনীর কর্মী আকিদুল ইসলাম জানান, দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে নির্বচন বিরোধীরা।
