২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা স্থল বন্দরে ট্রাকে ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ ২

ভোট বাতিলের দাবিতে ১৮ দলের অবরোধের মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পণ্যবাহী একটি ট্রাকে ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে চালক ও তার সহকারী।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 11:25 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বন্দরের লাবলু মিয়ার ট্রাক পার্কিংয়ে এই ঘটনা ঘটে বলে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কর্মকর্তা রামকৃষ্ণ চক্রবর্তী।

সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক সাংবাদিকদের জানান, পেট্রোল বোমায় ট্রাকটির সামনের অংশ পুড়ে চালক ও সহকারী দগ্ধ হন।

আহত ট্রাকচালক শেখ অজিহার রহমান শ্যামনগর উপজেলার জাহাজঘাটা এলাকার বাসিন্দা এবং তার সহকারী হাসান মিয়া ওই উপজেলার নোয়াবেকি গ্রামের বাসিন্দা।

দুজনকেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অজিহারের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রামকৃষ্ণ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, সন্ধ্যার পর থেকে আটকে পড়া পণ্যবাহী ট্রাক পুলিশ ও বিজিবি সদস্যদের পাহারায় বন্দর ছেড়ে যাচ্ছিল। সাড়ে ৯টায় কুষ্টিয়ার দর্শনার পথে রওনা হওয়া পেঁয়াজভর্তি ট্রাকটিতে পেট্রোল বোমা ছোড়া হয়।

ওসি এনামুল হক বলেন, ঘটনার পরপরই পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেভায় এবং দগ্ধ চালক এবং সহকারীকে উদ্ধার করে।

কারা হামলা চালিয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “মনে হচ্ছে, এটি জামায়াত-শিবিরের কাজ। তাদেরকে আটক করার জন্য ওই এলাকায় যৌথবাহিনীর অপারেশন শুরু হয়েছে।”

পেট্রোল বোমায় ঝরল আরো ৪ প্রাণ