২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটকেন্দ্রে নাশকতায় গাইবান্ধায় অর্ধশতাধিক মামলা

দশম জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার ঘটনায় গাইবান্ধায় কয়েক হাজার সন্দেহভাজনকে আসামি করে ৫৮টি মামলা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 08:51 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

জেলার ৪টি আসনের নাশকতার শিকার ভোট কেন্দ্রগুলোর প্রিজাইটিং অফিসাররা বাদি হয়ে বৃহস্পতিবার পর্যন্ত এসব মামলা করেন।

নির্বাচনের আগের রাতে ও নির্বাচনের দিন কেন্দ্রে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মারপিট এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে এসব মামলা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদা মিয়া (৪০) নামে এক জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাদা মিয়া উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (সোনারপাড়া) গ্রামের নবির উদ্দিনের ছেলে।

সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের ২৭টি ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় অজ্ঞাত তিন হাজার জনকে আসামি করে ২০টি মামলা হয়েছে।

পলাশবাড়ী থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, সেখানে ১০টি মামলায় আসামি করা হয়েছে দুই হাজারজনকে।

গোবিন্দগঞ্জেও প্রায় তিন হাজারজনকে আসামি করে থানায় ১০টি মামলা হয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম।

সুন্দরগঞ্জেও আসামি করা হয়েছে প্রায় ২ হাজার জনকে।

সদর থানায় আসামি রয়েছে এক হাজারেরও বেশি।