দুটি সংসদ থাকার প্রশ্ন অবান্তর: মাহবুবে আলম
নবম সংসদের মেয়াদ শেষের আগে দশম সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ায় দুটি সংসদ ক্রিয়াশীল থাকার যে কথা উঠেছে, তা অবান্তর বলে উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের সংসদ বহাল রেখে সরকারের মেয়াদ শেষের আগে দশম সংসদ নির্বাচন হয়, যাতে আপত্তি জানিয়ে ভোট বর্জন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
নবম সংসদের মেয়াদ ২৪ জানুয়ারি পর্যন্ত। দশম সংসদের নবনির্বাচিত সদস্যরা তার আগেই শপথ নেয়ায় দুটি সংসদ ক্রিয়াশীল থাকছে বলে কেউ কেউ বলছেন।
এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, দশম সংসদ ২৪ জানুয়ারির আগে বসলে এই প্রশ্ন আসত। কিন্তু যেহেতু তা হচ্ছে না, তাই এ নিয়ে প্রশ্ন তোলাটা অবান্তর।
“আমাদের সংবিধানে কয়েকটি চ্যাপ্টার রয়েছে। একটা চ্যাপ্টার রয়েছে নির্বাহী বিভাগ তথা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর জন্য।
“আরেকটি চ্যাপ্টার নির্বাচন। সেখানে আছে, সংসদের প্রথম অধিবেশন থেকে পাঁচ বছর এর সময়কাল। এই সময়কালের আগে কেউ নির্বাচিত হলে ওই সময়কালের শেষ পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।
“এই সংসদের ২৪ জানুয়ারির আগে বসার কি কোনো সম্ভাবনা আছে? এ ধরনের কোনো সিদ্ধান্ত কি সরকার নিয়েছে? নেয়নি। কাজেই যারা নির্বাচিত হয়েছেন, তারা ২৪ জানুয়ারির আগে বসছেন না। ২৪ জানুয়ারির পরই অধিবেশন অনুষ্ঠিত হবে।”
ফাইল ছবি
“কাজেই দুটি সংসদ রয়েছে- এই প্রশ্ন তো এখন অবান্তর।”
শপথ নিলেও দশম সংসদের সদস্যরা এখনি কার্যভার নিচ্ছেন না জানিয়ে মাহবুবে আলম বলেন, “এখনকার সংসদ সদস্যদের কোনো রকম আইন প্রণয়নের ক্ষমতা আছে? যারা নির্বাচিত হলেন, তারা কি আইন প্রণয়ন করতে পারছেন? পারছেন না।
“কাজেই তারা কার্যভার গ্রহণ করবেন না। অর্থ্যাৎ তারা আইন প্রণয়ন করবেন না। তার মানে হচ্ছে, নতুন সংসদ সদস্যদের শপথের মাধ্যমে সংবিধানের ব্যত্যয় ঘটেনি।”
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই দশম সংসদের নবনির্বাচিতরা আগে শপথ নিয়েছেন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল।
“আমাদের সংবিধানে রয়েছে, নির্বাচন কমিশন গেজেট করার তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে হবে। এটা তো সাংবিধানিক বাধ্যবাধকতা।”
হাসিনা সংসদ নেতা রওশন বিরোধী দলের
