২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনোত্তর সহিংসতা: দ্রুতবিচার ট্রাইবুনালে বিচার দাবি

নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িতদের দ্রুতবিচার ট্রাইবুনালে বিচারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 05:19 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বৃহস্পতিবার অপারেজয় বাংলার সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি এসেছে।

সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সরকার যদি কঠোর ব্যবস্থা না নেয়, হামলকারীদের যদি দাঁতভাঙ্গা জবাব না দেয়, তাহলে এমন ঘটনা চলতেই থাকবে। তাই শিগগিরই দ্রুতবিচার ট্রাইবুনাল গঠন করে এদের বিচার করতে হবে।

আওয়ামী লীগ সমর্থিত ‘নীলদলের’ আহ্বায়ক আবদুল আজিজ বলেন, এদেশে যারা বাস করে তারা সবাই সমান অধিকার পাবে। কেন তাদের ওপর হামলা করা হচ্ছে?

হামলাকারীদের ‘গ্রেপ্তার ও বিচার’ না হওয়ায় সরকারের সমালোচনা করে রসায়ন বিভাগের এ শিক্ষক বলেন, সরকার কোথায়? কোথায় আপনার বাহিনী? আর কতকাল আমরা মুখ বুঁজে এসব ঘটনা প্রত্যক্ষ করব?

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে শিক্ষক সমিতির সদস্য এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, হামলাকারীরা যে উদ্দেশ্যই হামলা করুক, সরকারকে এর বিচার অবশ্যই করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামাল উদ্দিন বলেন, আজ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। অন্যদিকে আমরা যারা মতাদর্শগতভাবে সংখ্যালঘু, কয়েকদিন পর আমাদের ওপরও হামলা হবে। তাই হামলাকারী অপরাধীদের অবশ্যই শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরাও অংশ নেন।

একই ঘটনায় এবং সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান পোড়ানোর প্রতিবাদে ক্যম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বেলা পোনে ১২টার দিকে মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে কেন্দ্রীয় গ্র্রস্থাগারের সামনে শেষ হয়। সেখানে সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।