আরেক দগ্ধ চালকের মৃত্যু
হরতালকারীদের আগুনে চারজনের মৃত্যুর একদিনের মাথায় ফেনীতে দগ্ধ আরেক অটোরিকশা চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাব উদ্দিন নামের ওই চালকের (২৮) মৃত্যু হয়।
গত শনিবার ফেনী সেন্ট্রাল হাই স্কুলের সামনে হরতাল সমর্থকদের দেয়া আগুনে দগ্ধ হয়েছিলেন তিনি।
নায়েক জাহাঙ্গীর জানান, নিহত শাহাব উদ্দিন ১৮ দলীয় জোটের হরতালের মধ্যে নিজের অটোরিকশা চালিয়ে ফেনীর সেন্ট্রাল হাইস্কুলের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় হরতাল সমর্থকদের দেয়া আগুনে ভস্মীভূত হয় তার অটোরিকশা, শাহার উদ্দিন নিজেও দগ্ধ হন।
প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করার পর ওই রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার সকাল ৬টার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে নায়েক জাহাঙ্গীর জানান।
ঢাকা ও সিরাজগঞ্জে একই ধরনের নাশকতায় বুধবার মোট চারজনের মৃত্যু হয়।
