জামালপুরে আদিবাসী পল্লীতে হামলা, অগ্নিসংযোগ
‘ভোট দেয়ার কারণে’ জামালপুর সদরে একটি আদিবাসী গ্রামে হামলা, ভাংচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার সন্ধ্যায় ভাগরা গ্রামে এ হামলায় অন্তত সাত জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন পলিনুস সাংমা, পলিতা সাংমা, নির্মলা সাংমা, মনেন মারাক, মাধবী সাংমা। এছাড়া বিপুল খান ও মনজুরুল হক নামের দুই প্রতিবেশীও রয়েছেন।
এদের মধ্যে চার জনকে জামালপুর জেনারেল হাসপাতাল ও তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা সাংবাদিকদের জানান, নির্বাচনে ভোট দেয়ায় স্থানীয় নির্বাচন বিরোধী সন্ত্রাসীরা মঙ্গলবার সন্ধ্যায় ভাগরা আদিবাসীদের মন্ডলবাড়িতে হামলা চালায় এবং বাড়িঘর পুড়িয়ে দেয়।
জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় মামলা হয়নি বলেও জানান তিনি।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
এদিকে এ হামলার প্রতিবাদ, দোষীদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে।
বুধবার দুপুরে শহরের দয়াময়ী মন্দিরে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুকুমার চৌধুরী।
বক্তারা এ হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।
