২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে আবার সহিংসতা

দিনাজপুর সদরের কর্ণাই গ্রামে রোববার নির্বাচন পরবর্তী সহিংতার পরদিন পাশের গ্রামে আবার হামলা হয়েছে। তবে, এটি সংখ্যালঘুদের পাড়া নয়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 07:43 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর অভিযোগ, সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মহাদেবপুর গ্রামের শতাধিক বাড়িতে ভাংচুর ও লুটপাট চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা।

তবে, পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

ভোটের দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কার্ণাই গ্রামে হামলাকারীরা ৪/৫টি বাড়ি, ৬/৭টি দোকান জ্বালিয়ে দেয়। এছাড়া শতাধিক বাড়ি, অর্ধশতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে এবং মূল্যবান মালামাল লুট করে।

মহাদেবপুর গ্রামের তাহেরা খাতুন, নাসিমা খানম, জাহানা বানু, সাদেকুল ইসলাম, সিরাজুল ইসলামসহ আরো কয়েকজন ক্ষতিগ্রস্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্ণাই গ্রামে সংখ্যালঘু পরিবারসহ নির্বাচনের পক্ষের বিভিন্ন পরিবারের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আতংকে থাকা পুরুষরা কেউ বাড়ি ছিল না।

গ্রাম পুরুষশূন্য থাকার সুযোগে একদল দুর্বৃত্ত প্রায় একশ’ বাড়িতে হামলা চালায়। তারা এসব বাড়িতে ভাংচুর, তছনছ, লুটপাট করে। মহিলাদের লাঞ্ছিতও করে তারা।

তারা আরো বলেন, যৌথবাহিনীর উপস্থিতিতেই মুসলমান অধ্যুষিত এই গ্রামে হামলা ও লুটপাট চালানো হয়।

তবে এই হামলায় কর্ণাই গ্রামের হিন্দু সম্প্রদায়ের কেউ জড়িত ছিল না বলে তারা জানান।

তাদের দাবি, রোববারের (৫ জানুয়ারি) নির্বাচনে ভোট দেয়ার পরও তাদের উপর এই হামলা চালানো হয়েছে।

গ্রামবাসীর এসব অভিযোগ অস্বীকার করেছেন কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্ণাই গ্রামে হামলায় জড়িতদের গ্রেপ্তারের জন্য যৌথবাহিনী অভিযানকালে গ্রেপ্তার আতঙ্কে পালানোর সময় ঘরের দরজা ভাংচুরের ঘটনা ঘটতে পারে।

“তবে আমরা চলে আসার পর কোনো হামলা ঘটে থাকলে সেটা আমার জানা নেই,” বলেন তিনি।