নির্বাচনোত্তর সহিংসতা ঠেকাতে চোখ রাখছে পুলিশ
নির্বাচন পরবর্তী নাশকতার ঝুঁকিতে থাকা এলাকা চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন শেষে একথা বলে পুলিশের শীর্ষ কর্মকর্তা।
তিনি বলেন, “যেসব এলাকায় নির্বাচন পরবর্তী নাশকতা হতে পারে সেসব এলাকা চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করে নাশকতা প্রতিরোধের উদ্যোগ নেয়া হয়েছে।”
আইজিপি হাসান মাহমুদ বলেন, “গত নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাই অনেক এলাকাতেই নির্বাচনী সহিংসতা এড়ানো গেছে।”
ফাইল ছবি
গত ৫ জানুয়ারির নির্বাচন রুখতে দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভোট ও তার আগের দিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত ২২ জনের মৃত্যু হয়।
ভোটের পরদিন দিনাজপুর ও যশোরে হিন্দুদের দেড় শতাধিক বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঢাকার দোহারে আওয়ামী লীগ সমর্থকদের দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছে অন্তত তিন জন।
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ব্যর্থ তা বলা ঠিক হবে না- মন্তব্য করে আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, “যেখানেই পুলিশ নাশকতার খবর পেয়েছে তাৎক্ষণিক সেখানে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”
নাশকতা ও সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বর্তমানে সাধারণ মানুষ সহায়তা করছে বলে মন্তব্য করেন তিনি বলেন, এভাবে চলতে থাকলে জনমনে স্বস্তি ফিরে আসবে।
এসময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমদ, পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান, পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
দোহারে নির্বাচনোত্তর সহিংসতায় নিহত ৩
যশোর-দিনাজপুরে হিন্দুদের ওপর হামলা, ঘরে আগুন
