খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জার্মান রাষ্ট্রদূত আলবার্ট কনিয়ে।
সোমবার রাত সাড়ে ৭টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে তিনি দেখা করেন।
চল্লিশ মিনিট স্থায়ী বৈঠকের পর বাসভবনের ডান দিকের সড়ক দিয়ে জার্মান রাষ্ট্রদূতের গাড়ি বেরিয়ে যায়। এই সড়কের ওপর আড়াআড়িভাবে পুলিশের একটি ট্রাক রেখে দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিলো।
রাষ্ট্রদূত আসার আগে ওই ট্রাকটি রাস্তার ওপর থেকে পাশে সরিয়ে রাখা হয়।
রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় বিএনপি’র উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
এর পরই নিউইয়র্ক টাইমসের দক্ষিন এশীয় বিষয়ক ডেস্কের ব্যুরো প্রধান অ্যালেন বেরী বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেন।
রাত সাড়ে ৯টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলীর নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যায়।
পুলিশ ব্যারিকেড সরিয়ে তাদের বাসায় ঢুকতে দেয়।
গত ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ড্যান মজীনা ও ৩০ ডিসেম্বর যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বাসভনে গিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
নির্বাচন প্রতিহত করতে খালেদা জিয়ার ডাকা মার্চ ফর ডেমোক্রেসিকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর থেকে বিরোধী দলীয় নেতার গুলশানের বাসা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী অবরুদ্ধ করে রাখে।
এতোদিন বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও পুলিশ বাধা দিচ্ছিলো।
