নিউ ইয়র্কে আ. লীগের জয় উদযাপন
দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দল জয়ী হওয়ায় ‘বিজয় উদযাপন’ অনুষ্ঠান করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
প্রচণ্ড শীতের মধ্যেই স্থানীয় সময় রোববার রাতে প্রবাসী আওয়ামী লীগ নেতা, কর্মী ও সমর্থকরা ব্রুকলিনের সুগন্ধ্যা রেস্তোরাঁয় ‘বিজয় উৎসবে’ জড়ো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “৪২ বছর পর হলেও এই প্রথম বাংলাদেশে রাজাকারমুক্ত নির্বাচন সম্পন্ন হলো এবং মুক্তিযুদ্ধের চেতনার লোকজনের সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হলো।”
এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামাত-শিবিরের ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিয়েছে এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ বসারত আলী। বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নজমুল ইসলাম, আবুল কাশেম, শামসুদ্দিন আজাদ এবং লুৎফুল করিম, সেক্রেটারী সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ সেক্রেটারি ইমদাদ চৌধুরী প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। শেষে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন আব্দুল আলীম ও ইফতেখার মঞ্জু।
