২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট শেষ, রয়ে গেছে সহিংসতার ক্ষত

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে ফেনীর সরকারি-বেসরকারি ১০টি স্কুল। এর মধ্যে দুটি স্কুল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

নাজমুল হক শামীম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 07:57 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ওই দুটি বিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থীর নতুন বই ও স্কুলের বেঞ্চসহ সকল আসবাব ছাই হয়ে যায়। তাই তাদের ক্লাস শুরু কখন হবে তা ঠিক করতে পারছেন না স্কুল কর্তৃপক্ষ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ জানান, গত ২ জানুয়ারি রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া আদর্শ একাডেমি ও জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামের সুলতানা মেমোরিয়াল গার্লস হাইস্কুল, পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় নির্বাচন বিরোধীরা।

আগুনে গজারিয়া আদর্শ একাডেমি ও সুলতানা মেমোরিয়াল গার্লস হাইস্কুলের আধাপাকা ঘর, বেঞ্চসহ চেয়ার-টেবিলসহ যাবতীয় আসবাবপত্র, শিশুদের বিতরণের জন্য আসা নতুন বই পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়া পরদিন ৩ জানুয়ারি (শুক্রবার) রাতে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের গোয়ালিয়া অন্নদাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারোগার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরদরবেশ ইউনিয়নের বাগিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব মহেশ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিগঞ্জ ইউনিয়নের বাদাদিয়া মাদ্রাসায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর মধ্যে গোয়ালিয়া অন্নদাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব মহেশ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে এসব বিদ্যালয়ে বেশ কয়েকটি কক্ষের মালামাল ও দরজা পুড়ে ছাই হয়ে যায়।

অন্য বিদ্যালয়গুলোতে আগুন দিলেও বেশি ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, ক্ষতিগ্রস্ত সরকারি বিদ্যালয়গুলোতে মঙ্গলবার থেকে ক্লাস শুরু করা হবে।

সম্পূর্ণ পুড়ে যাওয়া গজারিয়া আদর্শ একাডেমির অধ্যক্ষ হুমায়ুন কবির বলেন, স্কুলটি পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন পোড়া কিছু টুকরো কাঠ, টিন আর বই রয়েছে। এলাকাবাসী ও সরকারের সাহায্য ছাড়া এ বিদ্যালয়টি সহসা দাঁড় করানো সম্ভব নয়।

এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সুলতানা মেমোরিয়াল গার্লস হাইস্কুলের পরিচালনা পর্ষদের সদস্য বখতিয়ার ইসলাম মুন্না বলেন, পুড়ে যাওয়ায় বিদ্যালয়ের পাশের একটি মক্তবে আপাতত ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেসরকারি বিদ্যালয়গুলো পুনরায় স্থাপনে কী ধরনের সহযোগিতা করা হবে জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা বলেন, তাদের বই লাগলে বই দিয়ে সযোগিতা করা হবে। আর ভবন বা স্থাপনা বিষয়ে সহযোগিতার জন্য শিক্ষা অধিদপ্তরে আবেদন করলে সহযোগিতা দেয়ার সুপারিশ করা হবে।